মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
বিশেষ প্রতিবেদক: পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এই মহিলা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই উপনির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।
তফসিল অনুযায়ী, এই আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করবে কমিশন। বাছাই প্রক্রিয়ার বিরুদ্ধে ২৮ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর সেই আপিল নিষ্পত্তি করা হবে।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর এবং পরদিন ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এআইএল/সকালবেলা