গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে লটারিতে বদলি
সরকারি দপ্তরগুলোতে বদলি বাণিজ্যের অবসান ঘটিয়ে সার্বিক স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে অনন্য উদ্যোগ অব্যাহত রেখেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় এবার লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) শাখার ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পূর্ত ভবনের সম্মেলন কক্ষে প্রকাশ্য লটারি কার্যক্রমের মাধ্যমে দেশের আটটি বিভাগের বিভিন্ন কার্যালয়ে এই ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) তাত্ক্ষণিকভাবে বদলি ও নতুন পদে দায়িত্ব প্রদান করা হয়।
ঘোষিত লটারির ফলাফলের ভিত্তিতে জানা যায়— ঢাকা বিভাগের বিভিন্ন অধীনস্থ কার্যালয়ে সর্বাধিক ১১৯ জন প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ৮ জন উপ-সহকারী প্রকৌশলীকে নতুন কর্মস্থলে স্থান দেওয়া হয়েছে।
পুরো লটারি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান উপস্থিত ছিলেন।
প্রক্রিয়ার যৌক্তিকতা তুলে ধরে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক জানান, ডিজিটাল বা লটারিভিত্তিক বদলি ব্যবস্থা চালুর ফলে বদলি ও পদায়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম দূর হবে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।
মন্ত্রণালয় ও অধিদপ্তরের এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছে পেশাজীবী সংগঠনগুলো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (গণপূর্ত অধিদপ্তর শাখা) সদস্যসচিব সাখাওয়াত হোসেন বলেন, “লটারিভিত্তিক এই বদলি প্রক্রিয়াকে আমরা স্বাগত জানাই। এটি চালু হওয়ায় সাধারণ প্রকৌশলীরা হয়রানি থেকে মুক্তি পাবেন এবং দাপ্তরিক শৃঙ্খলা ফিরে আসবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছেরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, একই উদ্যোগের অংশ হিসেবে গত ৩০ জুলাই প্রথম দফায় লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের সিভিল শাখার ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বিভিন্ন বিভাগে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছিল।
|