জুলাই যোদ্ধাদের অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ অংশগ্রহণ এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুই জুলাই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও পরিবারিক স্বচ্ছলতা ফেরাতে সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশা উপহার প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বগুড়ার গাবতলীর বাসিন্দা এক বৃদ্ধের অন্নসংস্থানের জন্য দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।
আজ শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপহারপ্রাপ্তদের হাতে এসব যানবাহনের চাবি ও উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা, পরিবারের বর্তমান হালচাল ও জীবিকা অর্জনের নানা বিষয়ে পরম স্নেহে খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর এই উপহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আন্দোলনরত অবস্থায় তিনি গুলিবর্ষণের শিকার হন এবং তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। অসুস্থ শরীর নিয়েই তিনি সিএনজি চালিয়ে নিজের শিক্ষার খরচ ও পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন। তার হাতে নতুন সিএনজি তুলে দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে পরম যত্নে বলেন, "যাই ঘটুক না কেন, অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।"
অন্যদিকে কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দেওয়া হয়েছে দুটি প্যাডেলচালিত নতুন রিকশা। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে তিনি প্রতিদিন মহাখালী এলাকায় আন্দোলনকারীদের পানি সরবরাহ করতেন এবং নিজের রিকশায় করে বহু আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। তিনি জানান, একটি রিকশা নিজে চালিয়ে এবং অন্যটি ভাড়া দিয়ে তিনি জীবিকা নির্বাহ করবেন।
এছাড়াও কর্মসংস্থান ও বয়সের ভারে কষ্টে দিনাতিপাত করা বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেওয়া এসব বাহন কীভাবে চালানো হবে এবং তারা কীভাবে নিরাপদে নিজ নিজ এলাকায় পৌঁছাবেন—সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
যানবাহন হস্তান্তরকালে বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
|