রোববার প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান।
আগামীকাল রোববার (৯ আগস্ট) তিনি কক্সবাজারের মহেশখালী এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত করা সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট সকালে হেলিকপ্টারযোগে প্রথম কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করবেন।
এরপর দুপুরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং ১০০টি নতুন বাড়ির চাবি হস্তান্তর করবেন।
সফরসূচির পরবর্তী অংশে প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাবেন এবং সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় উপস্থিত হয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন। এরপর তিনি হাটহাজারীর ঐতিহাসিক আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গমন করে হেফাজতে ইসলামের মরহুম আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন।
বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ৩০টি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান এবং ১৫ জন প্রতিবন্ধীর হাতে ১০ হাজার টাকা করে শুভেচ্ছা সহায়তা তুলে দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় যোগ দিয়ে রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও ফটিকছড়িতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পুরো চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কজুড়ে শতাধিক তোরণ ও বরণ ব্যানার টাঙানো হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো এলাকা উৎসবের সাজে সেজেছে।
|