লাল টেলিফোনে হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ণ
লাল টেলিফোনে হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রদর্শনীতে রাখা লাল টেলিফোনে কল রেকর্ড শুনছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের সময় এক ব্যতিক্রমী ও ঐতিহাসিক মুহূর্তে মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রদর্শনী ঘুরে দেখার সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড শোনেন।

আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে এই ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরে দেশী-বিদেশী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে তিনি জাদুঘরের একের পর এক গ্যালারি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দলিল, শহীদদের স্মৃতিচিহ্ন, দুর্লভ আলোকচিত্র এবং প্রতিরোধ আন্দোলনের ধারাক্রমভিত্তিক প্রদর্শনীগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রদর্শনীর একপর্যায়ে জাদুঘরে স্থাপিত একটি লাল টেলিফোন সেটের রিসিভার কানে তুলে নিয়ে তিনি তৎকালীন শেখ হাসিনার সংগৃহীত কল রেকর্ড শোনেন।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, রাজপথের অসামান্য আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের পতন পর্যন্ত পুরো ঐতিহাসিক অধ্যায়টি অত্যন্ত দরদ দিয়ে বিভিন্ন গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছে। ঘুরে দেখা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের প্রশংসা করেন এবং সংগৃহীত উপাদানের সুরক্ষা নিশ্চিতে নির্দেশনা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্বজন এবং আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা অনাগত প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি উদ্বোধনের প্রথম দিন শহীদ পরিবার ও বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সর্বসাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হবে।