বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি দেশের মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে সামিল করার এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করার পূর্বেই তিনি বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপ্রাপ্ত তিন অদম্য ব্যক্তি হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী। সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে নিজেদের বহু কাঙ্ক্ষিত নিয়োগপত্র গ্রহণ করে তাঁরা চরম আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই অদম্য শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুটি হাত না থাকা সত্ত্বেও তীব্র ইচ্ছাশক্তিকে সম্বল করে তাঁরা পা দিয়ে লিখে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর (Master's) ডিগ্রি সম্পন্ন করেছেন।
এর মধ্যে নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে অবস্থিত ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন’-এ শিক্ষক পদে সম্মানজনক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, হাত না থাকায় মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন আয়শা আক্তার; তাঁকে গাইবান্ধার ‘বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ’-এ ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ‘ইউনিয়ন সমাজকর্মী’ পদে স্থায়ী নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।
সচিবালয়ে সরাসরি প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের এভাবে মূল্যায়ন ও চাকরি প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহল। নিয়োগপত্র হস্তান্তরের পরপরই ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’র প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে এই মানবিক ও যুগান্তকারী সিদ্ধান্তের জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
|