ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠককালে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অব্যাহত রাজনৈতিক ও মানবিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনে ন্যায়সংগত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেন। তিনি ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার আদায় এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশের অবিচল সংহতির বিষয়টি পুনরায় উল্লেখ করেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম এবং সংকটের দিনগুলোতে বাংলাদেশের সরকার ও সাধারণ জনগণের অকুণ্ঠ ও দীর্ঘস্থায়ী সমর্থনের জন্য গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের (পিপল-টু-পিপল কনট্যাক্ট) মাধ্যমে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে গভীর আগ্রহ ব্যক্ত করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন