অনলাইন-অফলাইন জুয়া নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন-অফলাইন জুয়া নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: অনলাইন ও অফলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং শিক্ষা ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে নতুন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া অনলাইন জুয়া ও বাজি নিয়ন্ত্রণে সরকার ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। সময়ের চাহিদায় এই আইনটি জুয়া ও সংশ্লিষ্ট অপরাধমূলক কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। নতুন সংশোধনীতে:

প্রশ্নফাঁস, নকল ও জাল সনদ তৈরি রোধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ফলাফল বা মেধাতালিকা হ্যাকিং করাকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ হিসেবে চিহ্নিত করে অপরাধের আওতায় আনা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

মাদক অপরাধ দমনে বড় ধরণের সংশোধনী আনা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। নতুন খসড়ায় মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন, সাইবার স্পেসে মাদকবিরোধী তৎপরতা, সীমান্ত এলাকায় সমন্বিত অভিযান এবং মাদক শনাক্তে ডগ স্কোয়াড গঠনের মতো উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া বৈঠকে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টিও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মন্ত্রিসভায় অনুমোদিত এই খসড়াগুলো এখন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে আইন হিসেবে কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

জান্নাত সকালবেলা