অবশেষে হরমুজ পাড়ি দিলো বিএসসির ‘বাংলার জয়যাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
অবশেষে হরমুজ পাড়ি দিলো বিএসসির ‘বাংলার জয়যাত্রা

নিজস্ব প্রতিবেদক: সাড়ে তিন মাসের দীর্ঘ অনিশ্চয়তা ও অবরুদ্ধ অবস্থার অবসান ঘটিয়ে অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে এই ঝুঁকিপূর্ণ জলপথ অতিক্রম করে।

গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাড়ে তিন মাস ধরে জাহাজটি পারস্য উপসাগরের বিভিন্ন বন্দরে আটকা পড়ে ছিল। সংঘাতের কারণে কুয়েতে যেতে না পেরে এবং পরবর্তীতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরুর পরও ১০ এপ্রিল ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়েছিল জাহাজটি। দীর্ঘ সময় ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নিতে হয়েছিল বাংলাদেশি ক্রুদের।

সর্বশেষ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নিরসনে সমঝোতার অগ্রগতি এবং বাংলাদেশ সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতার ফলে জাহাজটির জন্য হরমুজ অতিক্রমের পথ সুগম হয়। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক নিশ্চিত করেছেন যে, জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন।

২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডিডব্লিউটি ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে জাহাজটি জ্বালানি (বাংকারিং) গ্রহণ এবং প্রয়োজনীয় ক্লিয়ারেন্স কার্যক্রম সম্পন্ন করবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, এই সংঘাতে হরমুজের আশেপাশে এখনও প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ আটকে রয়েছে। এমভি বাংলার জয়যাত্রা সেই কঠিন পরিস্থিতির বাধা পেরিয়ে মুক্ত হতে পেরেছে, যা দেশের মেরিটাইম খাতের জন্য স্বস্তির খবর।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন