প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কটিয়াদী পরিদর্শনে কৃষিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কটিয়াদী পরিদর্শনে কৃষিমন্ত্রী

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদীতে আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিন উর রশীদ।

শনিবার (৮ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশনের মাঠ ও ছড়িপাড়া সরকারি হ্যাচারি এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সম্ভাব্য অনুষ্ঠানস্থলের পারিপার্শ্বিক পরিবেশ, অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে কটিয়াদী উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দীলিপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। সভায় নেতাকর্মীদের অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

এআইএল/সকালবেলা