জুলাই আন্দোলনে গুলিবর্ষণকারীদের দৃষ্টান্তমূলক বিচার হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
আবু রায়হান, স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনে গুলিবর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক বিচার করা হবে, যা জাতি চিরকাল মনে রাখবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকালে রংপুরে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আহমেদ আযম খান বলেন, "জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে গুলি চালিয়ে চৌদ্দশ মায়ের বুক ঝাঁঝরা করে দিয়েছে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। প্রত্যেকটি আসামি ও ফ্যাসিস্টের দোসরকে আইনের আওতায় আনা হবে। তাদের বিচার এমন দৃষ্টান্তমূলকভাবে করা হবে, যা সারা জাতি চিরকাল মনে রাখবে।"
তিনি আরও বলেন, "রংপুরের আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম—এই ১৬ জুলাই ফ্যাসিস্টদের গুলিতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আত্মাহুতি দিয়েছিলেন। আবু সাঈদের শাহাদাতের পর ১৭ জুলাই থেকে যেভাবে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, তারই চূড়ান্ত পরিণতি ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থান।"
মন্ত্রী বলেন, "ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং আমরা ফিরে পেয়েছি আমাদের গণতন্ত্র ও জনগণের ভোটে নির্বাচিত সংসদ। এই সরকারের মধ্য দিয়েই আমরা শহীদদের স্বপ্ন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করব। বঞ্চিত রংপুরসহ সারা বাংলাদেশকে উন্নয়নের আলোয় আলোকিত করা হবে, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার।"
তিনি জানান, জুলাইয়ের চেতনাকে নতুন ও পুরোনো প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইতিমধ্যে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে, যা এই চেতনাকে চিরজাগ্রত রাখতে দিনরাত কাজ করছে।
বিচার প্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, "আমরা এমন বিচার করতে চাই, যেন ফ্যাসিস্টদের মতো বিচারের নামে কোনো প্রহসন না হয়। একটু দেরি হলেও পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার করা হবে। একজন নিরপরাধ ব্যক্তিও যেন কোনোভাবে নিগৃহীত না হন, তা নিশ্চিত করা হবে।"
শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে তিনি বলেন, "আজই ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা ছিল। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, গত বছর কে বা কারা একটি পরিচয়হীন ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে, যা বিভ্রান্তিকর। তাই ঢাকায় ফিরে দ্রুত নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শুরু করা হবে।"
এর আগে একদিনের সফরে রংপুরে এসে মন্ত্রী প্রথমে জেলা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। বিকেল ৩টায় তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা (ফেন্সী), রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এআইএল/সকালবেলা