হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরো ১৩ শিশুর প্রাণহানি

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরো ১৩ শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হাম এবং হামের বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৫১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ শিশুর মধ্যে একটির শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

মৃত ১৩ শিশুর বিভাগভিত্তিক চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গে সর্বোচ্চ ৪ শিশু এবং সিলেটে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে হাম শনাক্ত হওয়া ১ ও উপসর্গে ১ জনসহ মোট ২ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহে ১ শিশু মারা গেছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে তীব্র জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশুকে। চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪২৬ জন এবং হাম নিশ্চিতভাবে শনাক্ত হওয়ার পর ৮৬টি শিশুসহ মোট ৫১২ জন মারা গেছে। তবে আক্রান্তদের মধ্যে ৪৫ হাজার ১১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। চিকিৎসকেরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।