যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন অ্যান্ড চিফ অব আর্মি সিম্পোজিয়াম ২০২৬’-এ অংশগ্রহণকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ অক্টোবর) অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে এই পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ান সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে উভয় দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সক্ষমতা বৃদ্ধি ও সেনাসদস্যদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।

অন্যদিকে, মার্কিন জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক পেশাগত সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় যৌথ প্রস্তুতি জোরদারে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ (ডিআরইই) আয়োজন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি)-এ ‘গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ’ (জিপিওআই)-এর অর্থায়নে বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) মার্কিন সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি আলোচনায় উঠে আসে।

এআইএল/সকালবেলা