বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি এবং প্রেষণে বিভিন্ন সরকারি ও কূটনৈতিক দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র ও প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, সেনা কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এবং প্রেষণে নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল রোববার পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, আনসার বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। পরবর্তীতে তাঁকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে।
বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দায়িত্বরত মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওর দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। একই সঙ্গে ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর মোহাম্মদ কামরুল হাসানকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে এবং লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীমকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে এই প্রকল্পে দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন এবং বিইউপির ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীনকে (যাঁকে প্রেষণে বিইউপিতে দেওয়া হয়েছিল) সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এর বাইরে বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজকে এনটিএমসির প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার) পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং ইতিপূর্বে এই দায়িত্বে থাকা স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।