থাইল্যান্ডের ফুকেটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১১
অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ভোরে দ্বীপটির বিখ্যাত পাতং সমুদ্রসৈকত সংলগ্ন একটি বাণিজ্যিক এলাকার ভবনে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় পুলিশ জানিয়েছে, ফুকেটের পশ্চিম উপকূলের পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি একটি জনবহুল শহুরে এলাকায় যানবাহন ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের আরও কয়েকটি বাণিজ্যিক ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষের তথ্য মতে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পুলিশ নিশ্চিত করেছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জনই থাইল্যান্ডের নিজস্ব নাগরিক এবং একজন প্রতিবেশী দেশ মিয়ানমারের নাগরিক।
কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো, তার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য, মাত্র চার মাস আগেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা দেশটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। (সূত্র: রয়টার্স)
সকালবেলা/ নুসরাত