দেশের প্রশাসনিক পরিসর বাড়াতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
দেশের প্রশাসনিক পরিসর বাড়াতে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল এবং জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।

নতুন থানা ও পৌরসভা গঠন:

নিকার সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্থানীয় পর্যায়ে নাগরিকদের নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত করতে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ নামকরণের অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি, লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও সভায় অনুমোদিত হয়। পূর্বের প্রস্তাবে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় এটি স্থাপন করা হবে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের অনুমোদন দিয়েছে নিকার। সরকারের এই যুগোপযোগী সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ মানুষের দাপ্তরিক ও প্রশাসনিক সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।