শোলাকিয়ায় ঈদের জামাতের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ

শোলাকিয়ায় ঈদের জামাতের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম বৃহৎ জামাতে ইমামতি করবেন প্রখ্যাত আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও ঈদগাহ পরিচালনা কমিটি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও দেশের বৃহত্তম এই ঈদ জামাতে অংশ নিতে কিশোরগঞ্জসহ সারাদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। জামাত শুরু হবে সকাল ১০টায়। গত কয়েক বছর ধরে এই ময়দানে শায়খুল ইসলাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ ইমামতি করে আসলেও, এবার মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর হাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক স্কলার। তিনি বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক ইসলামিক মাসআলা-মাসায়েল ও গবেষণাধর্মী আলোচনার জন্য সর্বমহলে পরিচিত। তাঁর শোলাকিয়ায় ইমামতি করার সংবাদে স্থানীয় মুসল্লি ও ভক্তদের মাঝে বিশেষ আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে।

জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানান, "লাখো মুসল্লির এই মিলনমেলায় ইমামতি করার জন্য মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর সম্মতি আমরা পেয়েছি। তাঁর উপস্থিতি এবং বয়ান শোলাকিয়ার ঈদ জামাতকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।"

নিরাপত্তার খাতিরে মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশের অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন। ছাতা, লাঠি, লাইটার বা কোনো ধরণের ব্যাগ বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন