সব পক্ষকে নিয়ে গণমাধ্যম সংস্কার করতে চায় সরকার
অনলাইন ডেস্ক: সব পক্ষ ও অংশীজনদের সঙ্গে নিয়েই দেশের গণমাধ্যম সংস্কারে কাজ করতে চায় সরকার। এই লক্ষ্যে এ পর্যন্ত আসা সব আলোচনা, সুপারিশ ও নীতিগত প্রস্তাবকে ভিত্তি ধরে একটি বিশেষ পরামর্শ কমিটি গঠন করা হবে, যা সরকারের কাছে চূড়ান্ত প্রস্তাব জমা দেবে। গতকাল মঙ্গলবার (১৯ মে) ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই কথা জানান।
যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় ‘পলিসি রিফর্ম থেকে নিউজরুম প্র্যাকটিস’ শীর্ষক এই অভিজ্ঞতার বিনিময় সভা অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম সংস্কার শুধু সরকারের একক দায়িত্ব নয়; এটি সরকার, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজ—সব পক্ষের যৌথ দায়িত্ব। রাষ্ট্র এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, গণতান্ত্রিক সরকারের কাজ কাউকে শত্রু বানানো নয়। জনগণের মতপ্রকাশে বাধা তৈরি হয়, বর্তমান সরকার এমন কোনো আইন করবে না।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সাংবাদিকদের আইনি সুরক্ষা ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন। এ ছাড়া সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যমের মালিকানা যেন নির্দিষ্ট কিছু ‘অলিগার্ক’ বা প্রভাবশালী গোষ্ঠীর হাতিয়ার না হয়, সেই প্রশ্ন তোলেন। স্বাগত বক্তব্যে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে দেশে প্রথমবারের মতো সম্প্রচার সাংবাদিকদের জন্য ‘কোড অব এথিকস’ এবং নিউজরুমের জন্য ‘যৌন হয়রানি প্রতিরোধ প্রোটোকল’ তৈরি করা হয়েছে।
|