পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন বেশ সুদৃঢ়। চীন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কূটনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি জানান, সম্প্রতি চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক ‘সার্বিক কৌশলগত অংশীদারত্বে’ রূপ নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ইতিবাচক বার্তা প্রাপ্তির বিষয়টিও উল্লেখ করেন তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ আগ্রহী হলেও বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, ভারতের সার্বভৌম ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করা হলে তা মেনে নেওয়া হবে না। পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সন্ত্রাসী কার্যক্রম প্রশ্রয় না দেওয়ার নীতি উভয় পক্ষকেই বজায় রাখতে হবে।
এর আগে দুপুরে নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেটে পৌঁছান হুমায়ুন কবির। তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজারে জুমার নামাজ আদায় করেন এবং পরবর্তীতে দলীয় সংবর্ধনা ও মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও চসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা