দেশের ৩ বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
দেশের ৩ বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

অনলাইন ডেস্ক: দেশের সবকটি বিভাগেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের দক্ষিণাঞ্চলের অন্তত তিনটি বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ জুলাই) সকালে প্রকাশিত আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্কবার্তার কথা জানানো হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরণের ভারি থেকে অতিভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই বৃষ্টিপাতের ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্তও অবস্থান করছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয় এবং অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় অবস্থান করছে।