স্বাস্থ্যসেবাকে নাগরিক অধিকার হিসেবে নিশ্চিত করতে চায় সরকার: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক: দেশের হতদরিদ্র মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি হাসপাতালের শয্যা ও সরঞ্জামের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের প্রাইভেট হাসপাতালে পাঠানো হবে এবং তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে। শনিবার (১৬ মে) চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, "যারা হতদরিদ্র, যাদের ভালো চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, তাদের জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সঙ্গে বিশেষ চুক্তি বা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। যেহেতু সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ ও সীমাবদ্ধতা আছে, তাই আমরা প্রাইভেট হসপিটালগুলোর সঙ্গে কথা বলছি। আমরা তাদের কাছে রোগী পাঠাবো, তারা চিকিৎসা করবে আর সেই বিলটা সরকার পরিশোধ করে দেবে। দেশের কোনো হতদরিদ্র মানুষ যেন চিকিৎসা ছাড়া না ফেরে, তা নিশ্চিত করা হবে।"
স্বাস্থ্যসেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী জানান, আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। পৃথিবীর প্রতিটি সভ্য দেশের মতো বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন প্রাথমিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবা পায়, সরকার সেই লক্ষ্যে কাজ করছে।
দেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও বিগত সরকারের রেখে যাওয়া বকেয়ার প্রসঙ্গ টেনে আমির খসরু বলেন, "বর্তমান সরকার অর্থনীতিকে একটি চরম ঋণাত্মক অবস্থা থেকে উদ্ধারের চেষ্টা করছে। বিগত সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া বিল রেখে গেছে, যা এখন আমাদের পরিশোধ করতে হচ্ছে। এর ওপর মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে আমাদের বাজেট থেকে প্রায় ৪ বিলিয়ন ডলার (প্রায় ৪০ হাজার কোটি টাকা) অতিরিক্ত চলে গেছে। সব মিলিয়ে আমরা কঠিন সময় পার করছি।"
অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "আমি আগেও বলেছি, এই ঋণাত্মক অবস্থা কাটিয়ে দেশের অর্থনীতি পুরোপুরি সচল হতে অন্তত দুই বছর সময় লাগবে। তবে সংকট থাকা সত্ত্বেও জনকল্যাণ ও স্বাস্থ্য খাতের মতো মৌলিক বিষয়ে সরকার কোনো আপস করবে না।"