ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেশের ২০টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিশাল একটি অংশের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অঞ্চলগুলো হলো—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে যে, কালবৈশাখীর সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে বজ্রপাত ও আকস্মিক ঝড়ের সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং ভারী বৃষ্টিপাতের সময় উপকূলীয় ও নিচু এলাকার মানুষদের সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ