ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১৮ মার্চ) দুপুরে টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া বা বড় কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।
মন্ত্রী জানান, প্রতিটি বাস কাউন্টার থেকে সরকার নির্ধারিত ভাড়াই রাখা হচ্ছে। তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। মহাসড়কে কোনো যানজট নেই। যে দুই-তিনটি বিচ্ছিন্ন অভিযোগ এসেছে, সেগুলোর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
শেখ রবিউল আলম আরও উল্লেখ করেন যে, রাজধানী থেকে প্রতিটি বাস সময়মতো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। উত্তরবঙ্গগামী যাত্রীদের আপডেট দিতে গিয়ে তিনি জানান, বঙ্গবন্ধু (যমুনা) সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় চাপ বেড়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সংকট হতে পারে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, “দেশের গণপরিবহনে কোনো ধরনের তেলের সংকট নেই। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, ফলে ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না।”
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ