পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর একটি মহিমামণ্ডিত ও অত্যন্ত বরকতময় রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, যা সমগ্র মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বিশেষ বার্তা নিয়ে আসে।

বাণীতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস মূলত সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় আমাদের সর্বদা অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী দেশবাসীকে এই রাতের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে অধিকতর ইবাদত-বন্দেগি করার এবং আর্তমানবতার কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।

পরিশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয়। একই সঙ্গে তিনি দেশ ও জাতির উত্তরোত্তর অগ্রগতি, টেকসই শান্তি, সম্প্রীতি ও সর্বজনীন কল্যাণের পথ সুগম হওয়ার কামনা করেন। পবিত্র লাইলাতুল কদরের মহিমা সবার ব্যক্তিগত ও জাতীয় জীবনে শান্তি ও মঙ্গলের বার্তা বয়ে আনুক—বাণীতে এই প্রত্যাশাই ব্যক্ত করেছেন সরকারপ্রধান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন