ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এম এ রইচ, মহম্মদপুর: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মাগুরার মহম্মদপুরে নারায়ণগঞ্জ খালের পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ১৬ মার্চ) সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় দেশের মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খনন করা হবে।
তিনি আরও বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। নদী, নালা ও খাল পুন:খনন করা হলে কৃষকরা ইরি-বোরো মৌসুমে সহজেই সেচ সুবিধা পাবেন। খালে সারা বছর পানি থাকলে ফসলের মাঠে পানি দিতে কোনো বেগ পেতে হবে না। এই লক্ষ্যেই দেশের ৪০টি জেলায় একযোগে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে।
মন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, সমাজব্যবস্থা থেকে দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহাল ও বাজার দখল এবং অনলাইন জুয়া নির্মূলে সরকার কাজ করছে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে সফল হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য নয়। জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন। এছাড়াও বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: শাহিনুর জামান, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মিথুন রায় চৌধুরী প্রমুখ।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় দেড় শতাধিক খালের মধ্যে চলতি জুন মাসের মধ্যে ২১.৭ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ১৬টি খাল খনন করা হবে। তারই অংশ হিসেবে আজ মহম্মদপুরের নারায়ণপুর খালের ৯৫৫ মিটার খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ