ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে এবার প্রযুক্তিনির্ভর ও কঠোর নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করেছে জেলা পুলিশ। ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কসহ জেলার ১০৫ কিলোমিটার জুড়ে এবার যানজটমুক্ত যাতায়াত উপহার দিতে ১২০০ পুলিশ সদস্যের পাশাপাশি প্রথমবারের মতো আকাশপথে ড্রোন ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) সকালে যমুনা সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ায় এবং ইন্টারচেঞ্জ প্রকল্পের সার্ভিস লেনগুলো খুলে দেওয়ায় যানবাহনের ব্যাপক চাপ থাকা সত্ত্বেও কোথাও দীর্ঘস্থায়ী যানজট নেই। ড্রোনের লাইভ ফুটেজ দেখে কন্ট্রোল রুম থেকে দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
প্রযুক্তির ব্যবহার: ড্রোনের মাধ্যমে সয়দাবাদ, কড্ডার মোড় ও হাটিকুমরুল এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিপুল জনবল: ১ হাজার ২০০ পুলিশ সদস্যের পাশাপাশি ৩টি বিশেষ মোবাইল টিম এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
জরুরি সহায়তা: কোনো যানবাহন বিকল হলে বা জ্বালানি শেষ হয়ে গেলে তাৎক্ষণিক সহায়তার জন্য আলাদা রিকভারি টিম কাজ করছে।
যানবাহনের সংখ্যা: গত মঙ্গলবার যমুনা সেতু দিয়ে ৪০ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে, যা সোমবার ছিল ৩৫ হাজার।
মহাসড়ক যানজটমুক্ত থাকায় ঢাকা থেকে নাটোরগামী যাত্রী আঁখি খাতুন ও শেফালী বেগম সন্তোষ প্রকাশ করেছেন। বাস চালক দুলাল হোসেন জানান, সিরাজগঞ্জ অংশে রাস্তা প্রশস্ত হওয়ায় এবার যাতায়াত অনেক সহজ হয়েছে। তবে স্বস্তির যাত্রার মাঝেও ভাড়ার নৈরাজ্য নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। সাইদুল নামে এক যাত্রী অভিযোগ করেন, ৩৫০ টাকার ভাড়া এখন ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ড্রোনের ব্যবহারের ফলে যানজট সৃষ্টির আগেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ