সিন্ডিকেট বলে কিছু থাকুক আমরা চাই না: খাদ্যমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
সিন্ডিকেট বলে কিছু থাকুক আমরা চাই না: খাদ্যমন্ত্রী

মোঃ আক্তার হোসেন (নারায়ণগঞ্জ প্রতিনিধি): কোনো সরকারই দেশে সিন্ডিকেট পছন্দ করে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, "আমরা চাই ‘সিন্ডিকেট’ বলে কোনো শব্দই যেন না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।"

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের কাছে নিরাপদ ও পর্যাপ্ত খাদ্য পৌঁছে দেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত এবং সরবরাহ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ পর্যন্ত বড় কোনো সংকট সৃষ্টি হয়নি এবং ভবিষ্যতেও যে কোনো সমস্যা দ্রুত সমাধানে প্রস্তুতি রাখা হয়েছে। পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্পটিও দ্রুত চালুর চেষ্টা চলছে বলে জানান তিনি।

এর আগে সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শনের মাধ্যমে খাদ্যমন্ত্রীর আজকের কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ১টায় তিনি নারায়ণগঞ্জ সাইলোতে পৌঁছান এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খাদ্যশস্যের মজুত সক্ষমতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা সভা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা