সপ্তাহজুড়ে থাকতে পারে বৃষ্টির দাপট

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
সপ্তাহজুড়ে থাকতে পারে বৃষ্টির দাপট

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে সারা দেশে সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে কোনো কোনো অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর পাশাপাশি অপর একটি লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় বিরাজ করছে।

আজ রোববার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

দেশের সব বিভাগে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের এই প্রবণতা আগামী বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের এই ধারা বজায় থাকবে এবং সারা দেশেই ঝড়-বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন