ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস: ছাতা হাতে ঈদগাহে যাওয়ার আহ্বান

ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস: ছাতা হাতে ঈদগাহে যাওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরের আনন্দময় দিনে বাগড়া দিতে পারে বৃষ্টি। আগামী ২০ মার্চ (শুক্রবার) বা ২১ মার্চ (শনিবার) দেশে ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই দুই দিনই দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৮ মার্চ) বিকেলে দেওয়া এক বিশেষ বার্তায় আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

ঈদের সম্ভাব্য প্রথম দিন অর্থাৎ ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

যদি রমজান ৩০টি পূর্ণ হয় এবং ঈদ ২১ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হয়, তবে ওই দিনও আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। ঢাকা, রংপুর, রাজশাহীসহ দেশের আটটি বিভাগেরই কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২১ মার্চও দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এই অস্থিতিশীল আবহাওয়ার সৃষ্টি হয়েছে। তাই ঈদের জামাতে যাওয়ার সময় মুসল্লিদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন