ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সবকিছু ঠিক থাকলে ঈদের পর তিনি স্থায়ীভাবে যমুনায় উঠতে যাচ্ছেন। গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) বর্তমানে ভবনটির রুটিন সংস্কার ও সাজসজ্জার কাজ পরিচালনা করছে।
উল্লেখ্য, গত আগস্টের গণ-অভ্যুত্থানের পর গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ঘোষণা করায় সেখানে প্রধানমন্ত্রীর থাকার আর সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই যমুনাকে সরকারপ্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে দাপ্তরিক কাজ পরিচালনা করলেও ঈদ পরবর্তী সময়ে যমুনা থেকেই নিয়মিত অফিস করবেন।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী যমুনায় হাইজিনিক ওয়াশ, রঙ এবং সিলিংয়ের পুরনো অংশের মেরামতের কাজ চলছে। ৩০ হেয়ার রোডে অবস্থিত প্রায় ৮ একর আয়তনের এই ভবনের মোট আয়তন ৩৫ হাজার স্কয়ার ফিট। যমুনা থেকে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দূরত্ব কাছাকাছি হওয়ায় যাতায়াতে সময় ও যানজট কমবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ইতোমধ্যেই যমুনায় দুটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যেখানে দেশি-বিদেশি কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন। ঈদের দিনও রাষ্ট্রীয় এই অতিথি ভবনেই কূটনৈতিক মিশনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ নাগরিকদের সঙ্গে তিনি ঈদের আনন্দ ভাগ করে নেবেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ