ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ৭ কোটি মানুষ মরুভূমির মধ্যে পড়েছে: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের তিন ভাগের এক ভাগ অঞ্চল এবং প্রায় ৭ কোটি মানুষ মরুভূমির মতো চরম সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (২৩ মে) রাজধানীর একটি আলোচনা সভায় তিনি বলেন, এই বড় সংকট থেকে দেশকে উদ্ধার করতে বর্তমান সরকার পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কাজ করছে।
মন্ত্রী জানান, দেশের স্বার্থ রক্ষা করতে এবং তিস্তা মহাপরিকল্পনা সফল করতে আইডব্লিউএম, সিইজিআইএস এবং ওয়ারপো গত তিন মাস ধরে তিস্তা অঞ্চলে মাঠপর্যায়ে কাজ করছে। এছাড়া ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ দিন পর পর পানির প্রবাহ পর্যবেক্ষণ করা হচ্ছে। জেআরসি ও কারিগরি দল যৌথভাবে নিয়মিত কাজ করছে এবং সম্প্রতি বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল ফারাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে এসেছে।
নদী রক্ষার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশ পুনর্গঠনে মাত্র তিন মাস সময় পর্যাপ্ত নয়। তাই অগণতান্ত্রিক উপায়ে বা মব তৈরি করে দাবি আদায়ের চেষ্টা না করে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করতে হবে।