আটোয়ারীতে ১৮ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দান
মো: মামুন রহমান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির আটোয়ারী উপজেলার ১৮ জন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করেছেন।
গতকাল শুক্রবার (১৯ জুন) আটোয়ারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপকারভোগীদের হাতে এই হুইলচেয়ার তুলে দেন।
অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে গত ৫ জুন আটোয়ারী উপজেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে গরিব ও দুস্থ প্রতিবন্ধীদের আবেদন করার আহ্বান জানানো হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আবেদনকারীদের তথ্য সরেজমিনে নিখুঁতভাবে যাচাই-বাছাই করে প্রকৃত ১৮ জন উপকারভোগীকে নির্বাচন করা হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগী ও তাদের পরিবার প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, "সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তাদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
স্থানীয়দের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবীর মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই হুইলচেয়ার বিতরণ সম্পন্ন হওয়ায় তা এলাকায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এআইএল/সকালবেলা
|