ফাঁকা ঢাকায় বাড়ছে গাড়ির চলাচল, যানজটহীন সড়কে স্বস্তি
অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকা আবারও তার চেনা রূপে ও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। নাড়ির টানে গ্রামের বাড়ি যাওয়া লাখো মানুষ ছুটির শেষভাগে এসে পুনরায় ঢাকামুখী হতে শুরু করায় রাজধানীর সড়কে ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চলাচল। গত কয়েক দিনের সুনসান নীরবতার তুলনায় আজ রোববার (৩১ মে) রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির উপস্থিতি লক্ষ্যণীয় মাত্রায় বেড়েছে। তবে গাড়ির চাপ বাড়লেও নগরীর কোথাও কোনো উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি।
রোববার রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালী, বিজয় সরণিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে ঘুরে এমন স্বস্তিদায়ক চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা আগের কয়েক দিনের তুলনায় বাড়লেও স্বাভাবিক কর্মদিবসের তুলনায় সড়ক এখনো অনেকটাই ফাঁকা। বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়িগুলো কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে চলাচল করছে। ট্রাফিক সিগন্যাল ও বিভিন্ন মোড়ে যানবাহনগুলোকে সামান্য সময়ের জন্য থামতে হলেও কোথাও দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে না।
এদিকে সড়কের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও যাত্রী ছাউনিগুলোতেও মানুষের উপস্থিতি এখনো তুলনামূলক কম। অনেক বাসকে কম যাত্রী নিয়েই চলাচল করতে দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানুষ এখনো পুরোপুরি ঢাকায় ফিরে না আসায় যাত্রীর চাপ কিছুটা কম, তবে আজ থেকে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ায় সড়কে গাড়ির সংখ্যা বাড়াতে শুরু করেছেন মালিকেরা।
গাবতলী-ডেমরা রুটে চলাচলকারী অছিম পরিবহনের বাসের হেলপার গোলাম রাব্বি বলেন, “ঈদের ছুটির শুরু থেকেই যাত্রীসংখ্যা অনেক কম ছিল। আজও সেই অবস্থা পুরোপুরি বদলায়নি। তবে গত কয়েক দিনের তুলনায় আজ রাস্তায় গাড়ির সংখ্যা কিছুটা বেশি।”
মোহাম্মদপুর-আবদুল্লাহপুর রুটে চলাচলকারী প্রজাপতি পরিবহনের বাসের হেলপার শিহাব জানান, ঈদের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ পরিবার নিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে। আজ বিকালের পর থেকে মানুষ বেশি ফিরবে এবং আগামীকাল সোমবার থেকে যাত্রীর চাপ পুরোপুরি বাড়বে বলে তারা আশা করছেন।
অন্যদিকে, সাভার রুটে চলাচলকারী ইতিহাস পরিবহনের বাসের হেলপার রবিন এক ভিন্ন চিত্র তুলে ধরে বলেন, “ঈদের কারণে কয়েক দিন অনেক গাড়ি বন্ধ রাখা হয়েছিল, আজ সেসব গাড়ির বেশিরভাগই আবার রাস্তায় নেমেছে। তবে ঢাকার ভেতরে যাত্রী কম থাকায় অনেক পরিবহন দূরপাল্লার যাত্রী আনার চেষ্টা করছে। পাটুরিয়া ঘাটসহ ঢাকার বিভিন্ন প্রবেশপথ থেকে যাত্রী নিয়ে বাসগুলো সরাসরি ঢাকায় ঢুকছে। আগামীকাল থেকে রাজধানীতে কর্মব্যস্ততা ও যাত্রীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”
উল্লেখ্য, এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারিত সরকারি ছুটি ছিল। এর পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন ও যানজটমুক্ত করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে টানা সাত দিনের দীর্ঘ ছুটি পাওয়ায় রাজধানীজুড়ে ছিল ঈদের আমেজ এবং তুলনামূলক এক নিরিবিলি পরিবেশ। তবে সেই ছুটির আমেজ কাটিয়ে কর্মব্যস্ত নগরী ঢাকা আবারও তার চিরচেনা ব্যস্ততায় রূপ নিতে যাচ্ছে।