ঈদুল ফিতর উপলক্ষে কাল থেকে টানা সাত দিনের ছুটি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে কাল থেকে টানা সাত দিনের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সেই হিসেবে আজ সোমবার (১৬ মার্চ) হচ্ছে ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, যার ফলে আজ অফিস শেষে দীর্ঘ ছুটির আমেজ শুরু হচ্ছে সরকারি দপ্তরগুলোতে।

এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে—এমনটি ধরে নিয়ে ঈদের ছুটির এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, রমজানের ৩০ দিন পূর্ণ হলে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ১৯, ২০ ও ২২, ২৩ মার্চ ঈদের আগে-পরে দুই দিন করে মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি বরাদ্দ রয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি আগে থেকেই নিশ্চিত ছিল।

তবে ১৭ মার্চ মঙ্গলবার পবিত্র শবে কদরের ছুটি থাকায় ১৮ মার্চ বুধবার মাত্র এক দিনের জন্য অফিস খোলা ছিল। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা গত ৮ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৮ মার্চকেও সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করে। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের বড় ছুটি নিশ্চিত হয়। আজ সোমবার শেষ কর্মদিবসে সরকারি অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির পাশাপাশি ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় ও বিদায়ের ব্যস্ততা লক্ষ্য করা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন