বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
বিশেষ সংবাদদাতা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সার্বিক প্রভাবে এবার গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। কিলোমিটার প্রতি বাসের ভাড়া ২০ পয়সা বৃদ্ধির জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বনানীতে বিআরটিএর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবনা অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে বর্তমান ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়েছে। একই সাথে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সার স্থানে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়।
এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আওতাধীন এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, তেলের দাম বৃদ্ধির কারণেই মূলত বাসভাড়া সমন্বয়ের এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারি হতে পারে।
এআইএল/সকালবেলা