সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত কাজ করছে। গত ১২ জুন আবুধাবিতে ইউএইর ফেডারেল পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) ই-মেইলে জানায়, রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের প্রয়োজনীয় নথি পাঠানোর অনুরোধ করেছিল। তবে বাংলাদেশ ৩০ দিন অপেক্ষা না করে পরদিনই ওয়ারেন্ট, মামলার বিবরণীসহ প্রয়োজনীয় সব নথি পাঠিয়ে দিয়েছে। এসব নথি আরবি ভাষায়ও অনুবাদ করা হয়েছে।
মন্ত্রী জানান, ১৪৪ পাতার নথি প্রস্তুত করতে পুলিশ সদস্যরা রাত ৯টা পর্যন্ত কাজ করেন। পরে তিনি নিজে নথিতে স্বাক্ষর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক ব্যাগে করে সেগুলো ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে এবং দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ইউএই সরকার তাদের আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।
ইউএইর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো জবাব এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। তবে দেশটির সাপ্তাহিক ছুটি শেষে রোববার আনুষ্ঠানিকভাবে বিষয়টির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, এনসিবি ও ইউএইর ফেডারেল পুলিশ বিভাগ ই-মেইলে ৩০ দিনের মধ্যে নথি পাঠানোর অনুরোধ জানিয়েছিল। জাতিসংঘ সনদ এবং ইউএইর সঙ্গে বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তা (এমএলএআর) চুক্তির আওতায় বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অবদান রাখা ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই স্বীকৃতি শুধু সম্মাননাপ্রাপ্তদের নয়, বাংলাদেশ পুলিশের সব সদস্যকে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
সূত্র: বাসস
|