অপকর্ম ঢাকতে অনেকে সাংবাদিক সেজেছেন: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মামলার মুখে পড়া সাংবাদিক পরিচয়ধারী অনেকের আসল পরিচয় তারা আওয়ামী লীগের নেতা এবং তারা সরাসরি মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করেন, এসব ব্যক্তিরা এখন আইনি ব্যবস্থা থেকে রক্ষা পেতে বিভিন্ন ‘ভুঁইফোড় গণমাধ্যমের’ ভুয়া পরিচয় ব্যবহার করছেন।
আজ মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই অবস্থান ব্যক্ত করেন। তিনি জানান, সাংবাদিকদের নামে হওয়া এসব মামলার তথ্য পর্যালোচনায় দেখা গেছে, এর বড় অংশই সরকারের করা নয়, বরং স্থানীয় ভুক্তভোগীদের ব্যক্তিগত মামলা। অভিযুক্তদের অনেকেই আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের পদে থেকে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। তবে এদের আড়াল থেকে প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের ওপর যাতে কোনো হয়রানি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। ইতিমধ্যে পূর্ববর্তী কমিটির কাছে ৯২ জন সাংবাদিক তাদের মামলার বিবরণ জমা দিয়েছেন।
তথ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠকে হয়রানিমূলক মামলার তালিকা চাওয়া হয়েছে। এছাড়া দেশের গণমাধ্যম ব্যবস্থাপনার বর্তমান অরাজকতা দূর করতে এবং প্রেস কাউন্সিলকে আরও সক্রিয় করতে আগামী জুনের মধ্যে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে। জুলাই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ‘মিডিয়া কমিশন’ গঠনের আনুষ্ঠানিক খসড়া প্রস্তাবনা হাজির করার প্রতিশ্রুতি দেন তিনি। কমিশন গঠনের পর তাদের বিস্তারিত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই এই বিষয়ে পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।