সার্ককে পুনরুজ্জীবিত ও কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ
সার্ককে পুনরুজ্জীবিত ও কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত
জাতীয় ডেস্ক: দক্ষিণ এশীয় অঞ্চলের সামগ্রিক ও কাঙ্ক্ষিত অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে ঐতিহ্যবাহী আঞ্চলিক অর্থনৈতিক জোট ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা’ (সার্ক)-কে নতুন উদ্যমে পুনঃকার্যকর করার বিষয়ে পূর্ণ একমত পোষণ করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।আজ বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে উভয় দেশের প্রতিনিধিরা এই আশাবাদ ব্যক্ত করেন।বৈঠককালে ঐতিহাসিক সার্কের প্রসঙ্গ তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারিত করতে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। আঞ্চলিক উন্নয়নের স্বার্থে সার্ককে পুনরায় কার্যকর করে মূল লক্ষ্য অর্জনের সুযোগ এখনো বহুলাংশে উন্মুক্ত রয়েছে।" এ বিষয়ে ভূমিকা রাখতে নেপালকে কার্যকরভাবে এগিয়ে আসার আহ্বান জানালে নেপালি রাষ্ট্রদূত এতে শতভাগ সমর্থন জানান।

নেপালের বর্তমান সংসদে ‘বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠিত হওয়ার তথ্য জানতে পেরে ভারপ্রাপ্ত স্পিকার নেপাল সংসদের সম্মানীয় স্পিকার দোল প্রসাদ আর্যালকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।কায়সার কামাল আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় সংসদেও অনুরূপ ‘বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ’ আনুষ্ঠানিকভাবে গঠন করা হবে। এর ফলে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, জনগণের সাথে জনগণের সংযোগ বৃদ্ধি, সংসদীয় সফর আয়োজন, আইন প্রণয়নে অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জোরালো অবস্থান নেওয়া সম্ভব হবে।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ এবং বাণিজ্যসহ বহুবিধ ক্ষেত্রে দুই দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে।সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক পথচলার উচ্চকণ্ঠ প্রশংসা করেন এবং বর্তমান সরকারের সাথে দ্বিপক্ষীয় উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে বাংলাদেশের সফল উন্নয়নশীল দেশে পদার্পণের বিভিন্ন অর্থনৈতিক সূচকের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সময়মতো এলডিসি উত্তরণ অর্জনের আশা জানান তিনি।উক্ত সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব দ্য মিশন প্রতীক কার্কি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন