জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ণ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক: সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিতি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শেরেবাংলা নগর সংলগ্ন জিয়া উদ্যান ও আশপাশের পুরো এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে সতর্ক অবস্থায় দায়িত্বরত থাকতে দেখা যায়।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুসরণে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, রাষ্ট্রপতির আনুষ্ঠানিক দপ্তর হিসেবে বঙ্গভবনে অফিস করলেও বাসস্থানের জন্য তিনি সংসদ ভবন এলাকার স্পিকার ভবনকেই ব্যবহার করবেন।