ঈদযাত্রায় যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় সাড়ে ৬ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রায় যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় সাড়ে ৬ কোটি টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে গত ৪৮ ঘণ্টায় ৮২ হাজার ৬০১টি যানবাহন থেকে সাড়ে ৬ কোটি টাকা টোল আদায় করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিপুল পরিমাণ যানবাহন পারাপার হয়। এতে মোট আদায়কৃত টোলের পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে সরকারি ছুটি শুরু হওয়ার পর মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তবে বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চারলেনের সুবিধা থাকায় যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশে যানজটের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং চালক ও যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন থেকে এক কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা এবং উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন থেকে এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা টোল আদায় করা হয়। অর্থাৎ ওই একদিনেই মোট ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল সংগৃহীত হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন