স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামীপন্থিদের দাপট: ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ক্ষমতায় বিএনপি সরকার থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এখনো চিহ্নিত আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ বহাল তবিয়তে রয়েছে। মন্ত্রণালয়ের স্থায়ী জনবল হিসেবে এদের অনেকে আওয়ামী লীগ সরকারের সময় সরাসরি মন্ত্রী ও সচিবদের হস্তক্ষেপে নিয়োগ পান, আবার কেউ কেউ তাদের নিকটাত্মীয়। এসব ব্যক্তির নাম-পদবিসহ বিস্তারিত পরিচয় দিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উলটো এই তালিকার প্রথম সারির প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা সিনিয়র সচিবের দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় কর্মরত রয়েছেন। এছাড়া অনেকে এখন বিদেশের মিশনে প্রাইজ পোস্টিং পাওয়ার জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন। মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে যেসব কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে দলীয় ক্যাডার ও কর্মীর মতো আচরণ করেছেন এবং মন্ত্রণালয়ের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন, তারা এখনো গুরুত্বপূর্ণ পদে আসীন। এদের মধ্যে কেউ কেউ অবসরে গেলেও তাদের সহযোগীরা রয়ে গেছেন। কেউ খোলস পালটে নিরপেক্ষ সাজার চেষ্টা করছেন, আবার কেউ রাতারাতি বিএনপি সাজার অপচেষ্টায় লিপ্ত। অনেকে আবার আত্মীয়-স্বজনের মধ্যে বিএনপি কানেকশন খুঁজে বের করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ আমলে সাবেক দুজন স্বরাষ্ট্রমন্ত্রী ও বেশ কয়েকজন দলবাজ সচিবের সরাসরি তদবিরে কমপক্ষে অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছেন, যারা বর্তমানে স্পর্শকাতর শাখায় কর্মরত। এদের মাধ্যমে মন্ত্রণালয়ের অনেক গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কাও রয়েছে।
এদিকে, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত পদে নিয়োগের জন্য গত শনিবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শূন্য হওয়া সাতটি পদের বিপরীতে ৩০ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে ডাকা হয়। অভিযোগ রয়েছে, অংশ নেওয়া পরীক্ষার্থীদের বেশির ভাগই আওয়ামী লীগের প্রভাবশালী মহলের তদবিরে চাকরি পাওয়া এবং আওয়ামী লীগপন্থি হিসেবে চিহ্নিত। মন্ত্রণালয়ের দলমত নিরপেক্ষ ও পেশাদার কর্মকর্তা-কর্মচারীরা এসব দলবাজ ও দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
আই.এ/সকালবেলা
|