সুযোগ-সুবিধা ঢাকা কেন্দ্রিক হওয়ায় মানুষ ঢাকামুখী হচ্ছে: প্রধানমন্ত্রী

সুযোগ-সুবিধা ঢাকা কেন্দ্রিক হওয়ায় মানুষ ঢাকামুখী হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক: দেশের মানুষের সব ধরনের সুযোগ-সুবিধা ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে এবং সে কারণেই সারাদেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আনফরচুনেটলি, যেভাবেই হোক, আমরা খেয়াল করেছি যে মানুষের সুযোগ-সুবিধা—সেটি চাকরি-বাকরির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বাচ্চাদের, সবকিছুই ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে এবং একদিন-দুইদিন না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে।’

তারেক রহমান বলেন, ‘আনফরচুনেটলি, সারাদেশকে ঘিরে এই সুবিধাগুলো আমরা হয়তো সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনও। সে কারণেই স্বাভাবিকভাবে সারাদেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হয়ে থাক না কেন। সেজন্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলো গড়ে তোলা।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার বিভিন্ন শিল্প গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সঙ্গে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার ওপর চাপ কমাতে সক্ষম হবো বলে মনে করি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন