ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। দেশটিতে অবস্থানরত কয়েকশ বাংলাদেশিকে ফিরিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে এই উদ্ধার প্রক্রিয়া শুরু হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দুই শতাধিক বা তার চেয়ে কিছু বেশি বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনার প্রস্তুতি চলছে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের সরাসরি বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকি করতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও মঙ্গলবার রাতে বাকুর উদ্দেশ্যে রওনা হয়েছেন। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর এবং খুব দ্রুতই এই কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি হবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ