জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা প্রত্যাহার: আজ থেকে স্বাভাবিক সরবরাহ

জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা প্রত্যাহার: আজ থেকে স্বাভাবিক সরবরাহ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সতর্কতামূলকভাবে আরোপিত জ্বালানি তেল বিপণনের রেশনিং পদ্ধতি প্রত্যাহার করেছে সরকার। আজ রোববার (১৫ মার্চ) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ফিলিং স্টেশনে আগের মতোই স্বাভাবিকভাবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি চলবে।

আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের সেচ কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয়তা বিবেচনা করে জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে সরকার পরিস্থিতি মোকাবিলায় কিছু ব্যবস্থা নিয়েছিল। ইতিমধ্যে আমদানিকৃত কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে এ সুযোগে কেউ যাতে জ্বালানি মজুত না করে, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ইরান যুদ্ধের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে জ্বালানি সংকটের আতঙ্ক তৈরি হলে গত ৬ মার্চ থেকে সরকার রেশনিং পদ্ধতি চালু করেছিল। সেই সময় বিভিন্ন ধরনের যানবাহনের জন্য দৈনিক তেলের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেই সীমা কিছুটা শিথিল করা হয় এবং এখন ঈদ সামনে রেখে তা পুরোপুরি তুলে নেওয়া হলো।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন