ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর প্রমাণ পায়নি ইইউ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর প্রমাণ পায়নি ইইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগের সত্যতা পায়নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানানো হয়।

ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস প্রতিবেদনটি তুলে ধরেন। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ছিল। এতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ তোলা হয়েছিল, তা সঠিক নয়। নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকায় এই সংসদ নির্বাচন স্বচ্ছ ছিল বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে ভোটের কাস্টিং হার এবং পোস্টাল ব্যালটের প্রক্রিয়ারও প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নয়নে ১৯টি সুপারিশ করেছে ইইউ মিশন। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে—ডিজিটাল মাধ্যমে নারী হেনস্তা রোধ, নির্বাচনে এক-তৃতীয়াংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের অডিট এবং প্রতিবন্ধীদের জন্য ভোটকেন্দ্রে সুবিধা বাড়ানো। ইইউ আশা প্রকাশ করেছে যে, প্রার্থিতার অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আন্তর্জাতিক পর্যায়ে দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন আগামীতে ঘটাবে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং জামায়াতে ইসলামী বিরোধী দলের ভূমিকা পায়। নির্বাচনের দিন ইইউ সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন। গত ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর আজ পূর্ণাঙ্গ ও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করল মিশনটি।

আই.এ/সকালবেলা