সংবিধান সংস্কার পরিষদ গঠনে অধিবেশন ডাকার সময় শেষ হচ্ছে আজ

সংবিধান সংস্কার পরিষদ গঠনে অধিবেশন ডাকার সময় শেষ হচ্ছে আজ

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এই পরিষদের অধিবেশন ডাকার সময়সীমা আজ ১৫ মার্চ শেষ হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত পরিষদ গঠিত না হওয়ায় এর অধিবেশন আহ্বান অনিশ্চিত হয়ে পড়েছে। গণভোটের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে রাজনৈতিক জটিলতা।

এ পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য হুঁশিয়ারি দিয়েছে যে, আজ অধিবেশন ডাকা না হলে তারা রাজপথে আন্দোলনে নামবে। জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সঙ্গে রাষ্ট্রপতির অভিশংসনের দাবি যুক্ত করে ঈদের পর কঠোর কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে।

সরকারি দল বিএনপি বিষয়টিকে সংসদীয় আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, বিএনপির ভাবনা সংসদে তুলে ধরা হবে। তবে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার একে দুর্ভাগ্যজনক অভিহিত করে অশুভ পরিণতির আশঙ্কা করেছেন।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর আজই ছিল পরিষদের প্রথম অধিবেশন ডাকার শেষ দিন। ১৭ ফেব্রুয়ারি বিএনপির সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। অন্যদিকে, জামায়াত জোট ও স্বতন্ত্র কয়েকজন শপথ নিলেও পূর্ণাঙ্গ পরিষদ গঠন না হওয়ায় দেখা দিয়েছে স্থবিরতা। এছাড়া বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট মামলা চলমান থাকায় আইনগত জটিলতাও তৈরি হয়েছে। যদিও কিছু বিশেষজ্ঞের মতে, আদালত কোনো নিষেধাজ্ঞা না দেওয়ায় পরিষদ গঠনে বাধা নেই।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন