ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘নারীর অবস্থা বিষয়ক কমিশন’-এর ৭০তম অধিবেশনে (সিএসডব্লিউ৭০) বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন সূচকের লক্ষ্যমাত্রা এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের পূর্ণ সদিচ্ছা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারের পথ উন্মুক্ত হতে হবে, যাতে তারা নির্ভয়ে এবং কোনো প্রতিবন্ধকতা ছাড়াই পূর্ণ আইনি সুরক্ষা লাভ করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান বিশেষভাবে লক্ষণীয়। তবে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে, যা বিশেষ করে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের নারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এসব মোকাবিলায় বাংলাদেশ নারী নেতৃত্বের মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব করছে। উল্লেখ্য, ৯-১৯ মার্চ পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই অধিবেশনে নারী ও কন্যাশিশুর ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ