বাদাম তেলের উপকারিতা
বহু যুগ ধরে সৌন্দর্যচর্চা ও সুস্বাস্থ্যের জন্য বাদাম তেল একটি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গবেষণায় দেখা গেছে, এই তেলে উচ্চ পরিমাণে ভিটামিন ই, প্রোটিন, জিঙ্ক, পটাশিয়াম এবং উপকারী মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। ‘হেলদি বিল্ডার্স’-এর এক প্রতিবেদনে বাদাম তেলের বহুমুখী উপকারিতা তুলে ধরা হয়েছে।
বাদাম তেল খুশকি দূর করতে অত্যন্ত কার্যকর। মাথার ত্বকে এই তেল মালিশ করলে শুষ্কতা কমে এবং চুলের গোড়া মজবুত হয়। তেল লাগানোর ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেললে ভালো ফলাফল পাওয়া যায়।
মসৃণ ও নিখুঁত ত্বক পেতে বাদাম তেলের জুড়ি নেই। এটি অত্যন্ত মৃদু বা হাইপোঅ্যালার্জেনিক হওয়ায় শিশুদের ত্বকেও নিশ্চিন্তে ব্যবহার করা যায়। গোসলের পর হালকা গরম বাদাম তেল শরীরে মালিশ করলে এর শোষণ ক্ষমতা বাড়ে এবং ত্বক আর্দ্র থাকে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন উৎপাদন কমে যায়। নিয়মিত মুখে বাদাম তেল লাগালে ত্বক টানটান হয়। এ ছাড়া চোখের নিচের কালো দাগ (ডার্ক সার্কেল), সূক্ষ্ম রেখা এবং বলিরেখা কমাতেও এটি সাহায্য করে। ভালো ফল পেতে রাতে তেল লাগিয়ে সকালে ধুয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পেট্রোলিয়াম জেলির বিকল্প হিসেবে বাদাম তেল ব্যবহার করা যায়। এটি ফাটা ঠোঁটকে নরম ও ভরাট রাখতে সাহায্য করে। পেশির ক্লান্তি ও ব্যথা কমাতে বাদাম তেলের মালিশ দারুণ কার্যকর। আক্রান্ত স্থানে হালকা গরম তেল মালিশ করলে প্রদাহ দ্রুত প্রশমিত হয়।
প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর বাদাম তেল নিয়মিত ব্যবহারে ত্বক ও স্বাস্থ্য উভয়ই সুরক্ষিত থাকে।
|