ইউরোপীয় পণ্যে ১০০% শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
ইউরোপীয় পণ্যে ১০০% শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক ঃ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স (ডিএসটি) আরোপের চিন্তা করলে ইউরোপের দেশগুলোকে বড় ধরনের বাণিজ্য যুদ্ধের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, কোনো দেশ এমন কর কার্যকর করলে তাদের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের বেশ কিছু দেশ এই কর চালুর খুব কাছাকাছি রয়েছে। তিনি কঠোর ভাষায় লেখেন, “এই বিবৃতিকে আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে বিবেচনা করা হোক—যে কোনো দেশ এমন কর আরোপ করলে, সেই দেশ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।” তার মতে, এই সিদ্ধান্ত বিদ্যমান সব দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির ওপর প্রাধান্য পাবে।

বর্তমানে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও স্পেনের মতো দেশগুলোতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল কর কার্যকর রয়েছে। ব্রিটিশ ট্রেজারির তথ্যমতে, যুক্তরাজ্যে এই কর থেকে ২০২৪-২৫ অর্থবছরে ৮০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব আদায় হয়েছে। অ্যাপল, গুগল, মেটা ও অ্যামাজনের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলোই মূলত এই করের আওতাভুক্ত। ট্রাম্প এর আগেও অভিযোগ করেছিলেন যে, এই দেশগুলো মার্কিন প্রযুক্তিনির্ভর আয়ের সুযোগ নিচ্ছে।

ট্রাম্পের এই হুমকিতে ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন পক্ষ। সাইপ্রাসের জ্বালানি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাইকেল দামিয়ানোস বলেন, “চুক্তি সম্মান না করা হলে বা ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ ক্ষুণ্ন হলে ইইউ দ্রুত ও যথাযথভাবে জবাব দিতে সক্ষম।”

উল্লেখ্য, ২০২৫ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের নীতি অনুসরণ করছেন। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে তার ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের উদ্যোগ সুপ্রিম কোর্ট বাতিল করেছিল, তবুও সম্প্রতি বিভিন্ন দেশের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এখন প্রযুক্তি করকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ট্রাম্পের এই নতুন সংঘাত বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন