পুতিন ও জেলেনস্কির সঙ্গে ‘ভালো আলোচনা’ হয়েছে: ট্রাম্প

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
পুতিন ও জেলেনস্কির সঙ্গে ‘ভালো আলোচনা’ হয়েছে: ট্রাম্প
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের চলমান জি-৭ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ‘ভালো আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৭ জুন) সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

ফ্রান্সের লেকসাইড রিসোর্ট এভিয়ান-লে-বেঁসে আয়োজিত এই জি-৭ সম্মেলনে জেলেনস্কি ও তাঁর ইউরোপীয় মিত্ররা মূলত ট্রাম্পকে এটি বোঝানোর লক্ষ্য নিয়ে এসেছিলেন যে— রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থানের ব্যাপক উন্নতি ঘটিয়েছে।

তবে যুদ্ধ পরিস্থিতির জন্য রুশ প্রেসিডেন্ট পুতিন বেশি দায়ী কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প। তিনি বলেন, “আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি এই সংকটের একটি মীমাংসা করার চেষ্টা করছি এবং এই ধরণের মন্তব্য সেই প্রক্রিয়াটিকে সহজ করে না।”

রাশিয়ার ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা, সে বিষয়েও ট্রাম্প স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি। নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা দেখছি তেলের দাম কতটা নিচে নেমে আসে; মূলত তেলের দাম এখন সত্যিই বেশ পড়ে যাচ্ছে।”

সূত্র: রয়টার্স 

মন্তব্য করুন